× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে

ডেস্ক রিপোর্ট

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, “এখনও কিছু ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।”

খালেদা জিয়া বলেন, “আমি যুক্তরাজ্যে চিকিৎসার জন্য থাকলেও সবসময় আপনাদের সঙ্গে আছি। আমি বিশ্বাস করি, দলের সকল নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্য অর্জনের জন্য একত্রিতভাবে কাজ করবেন। আমাদের সংগ্রাম, আত্মত্যাগের ফলে অর্জিত সাফল্য যেন বিফলে না যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়ার কথা মনে রেখে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়— এই নীতিতে অটল থাকতে হবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ৬ বছর পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা আবার একত্রিত হতে পেরেছি, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য, এবং সম্প্রতি জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আহতদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমরা তাদের ত্যাগ এবং সংগ্রাম কখনও ভুলব না।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশ আজ সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে, কিন্তু আমাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা— দ্রুত রাষ্ট্র মেরামতের জন্য ন্যূনতম সংস্কার করা হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।”

খালেদা জিয়া আরও বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, আজ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের কাজ করতে হবে দেশের বৃহত্তর স্বার্থে, সংকীর্ণতা ভুলে। ফ্যাসিস্টদের দোসররা এখনও আমাদের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে তাদের চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে।”

তিনি বলেন, “আমি অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই— আসুন, জনগণকে সম্পৃক্ত করে বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও সুসংহত করে তুলুন, যাতে আমরা পূর্বের মতো আন্দোলন, সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদান করতে পারি।”

দেশবাসীর উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, “আসুন, প্রতিহিংসা বা প্রতিশোধের পথ না ধরে, পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা একসঙ্গে আমাদের প্রিয় বাংলাদেশকে একটি উন্নত, বাসযোগ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.