× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান

বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষ একত্রে রোজা ও ঈদ পালন করা যায় কিনা; দেশের ওলামা মাশায়েখদের চিন্তা করার অনুরোধ তারেক রহমানের

ডেস্ক রিপোর্ট

০২ মার্চ ২০২৫, ২০:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষের সঙ্গে একসঙ্গে রোজা এবং ঈদ পালন করা সম্ভব কিনা, সে বিষয়ে দেশের ওলামা মাশায়েখদের চিন্তা করার আহ্বান জানাচ্ছি।

আজ (২ মার্চ) রাজধানী ঢাকার ইস্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত একটি ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ইফতার মাহফিলটি পবিত্র রমজান মাসের প্রথম দিনে ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন ফার্মগেট ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় ৭০-৮০ জন শিশু, এতিম এবং ছাত্র-ছাত্রী।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রমজান আমাদেরকে সংযম এবং ধৈর্যশীল হতে শেখায়। এই মাসে আমরা আল্লাহর সৃষ্টির প্রতি যত্ন নেওয়ার শিক্ষা পাই এবং মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পারি।

তারেক রহমান বলেন, "একটি প্রশ্ন আমার মনে উঁকি দিচ্ছে, খ্রিস্টানরা সারা বিশ্বে তাদের বড়দিন একসঙ্গে পালন করে। তাদের মতো আমরাও কি সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারি? বিজ্ঞানের এই যুগে কি এ বিষয়টি সম্ভব? আমি দেশের ওলামা-মাশায়েখদের কাছে অনুরোধ জানাচ্ছি, সবাই মিলে এই বিষয়ে চিন্তা করুন এবং উপায় বের করুন।"

তিনি আরও বলেন, "একটি আয়াতে বলা হয়েছে, আমাদের আশেপাশের আত্মীয়-স্বজন, সহকর্মীদের সৎ কাজে উৎসাহিত করা এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা উচিত। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি, তাহলে আমরা একটি সুন্দর সমাজ এবং দেশ গড়ে তুলতে পারব।"

অনুষ্ঠানে তিনি আল্লাহর কাছে দোয়া চান, বিশেষ করে এতিমদের জন্য, যারা তাদের পরিবার হারিয়েছে এবং সকল দেশের শান্তি ও উন্নতির জন্য দোয়া করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "বিএনপির বিরুদ্ধে কিছু লোক দেশে ও বিদেশে ওলামা-মাশায়েখদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা শুধু বিএনপিকে ধ্বংস করতে চায় না, বরং দেশকে বিভক্ত করে বিদেশি অপশক্তির কাছে সুযোগ দিচ্ছে।"

তিনি আরও বলেন, "তারা একটি বিষয়কে ভিত্তি করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কিছু লোক এমনভাবে কাজ করছে যেন তারা আগুনে পেট্রোল ঢালছে।"

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.