× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে নাগরিক পার্টিতে- ছাত্রদল

ডেস্ক রিপোর্ট

০৭ মার্চ ২০২৫, ২০:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টি এবং তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করার অভিযোগ তুলেছে ছাত্রদল। আজ (৭ মার্চ) নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বসুন্ধরায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনায় ছাত্রদলকে দায়ী করায় প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন, “৫ মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে দেশে যেকোনও ঘটনার পর ছাত্রদলের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

লিখিত বক্তব্যে বলা হয়, "জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্ক দেশের রাজনৈতিক সচেতন মানুষের কাছে পরিচিত। পূর্বের রেষারেষির কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন।"

এছাড়া, বক্তৃতায় উল্লেখ করা হয়, "সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। তবে, দুঃখজনকভাবে, সারজিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত।"

সারজিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’ উল্লেখ করে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। ছাত্রদল তার এই ঔদ্ধত্যপূর্ণ এবং বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি করেছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তাদের কোনও সাংগঠনিক কার্যক্রম ছিল না এবং ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন না। সারজিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনও বিরোধ হয়নি। তবে, এ ঘটনায় কেন্দ্রীয় কমিটি দুটি সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। যদি দলের কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, "সারজিস আলম হামলার শিকার হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হাতে। আমরা যাচাই-বাছাই করছি, কেউ যদি দোষী প্রমাণিত হন, তাহলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.