জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের অন্যান্য রাজনৈতিক দল না চাইলে এককভাবে তাদের পক্ষে আর্থিকভাবে সহযোগিতাকারীদের নাম প্রকাশ করা সম্ভব নয়। আজ (৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাগরিক কমিটিকে আর্থিকভাবে কারা সহায়তা করছেন এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আর্থিক সহায়তা ও ব্যয়ের স্বচ্ছতা আসা উচিত। তবে, এককভাবে এটি সম্ভব নয় এবং তাদের সহায়তাকারীদের নাম প্রকাশ করতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, এনসিপি দেশের জনগণের দল, তাই তারা আর্থিক সহায়তার জন্য রিকশাওয়ালা থেকে শুরু করে সব শ্রেণির মানুষদের কাছে যাবে। এনসিপির শীর্ষ নেতা বলেন, তারা দ্রব্যমূল্য ও দুর্নীতিবাজ ব্যবসায়ী শ্রেণির বিরুদ্ধে। এনসিপি সাধারণ মানুষের সহায়তা চাচ্ছে এবং তাদের আর্থিক পলিসি টিম একটি রাজনৈতিক আর্থিক পলিসি তৈরি করছে।
এনসিপির নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, তারা নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা বাংলাদেশের সংস্কারের রূপরেখা তৈরি করার জন্য জুলাই সনদকে অনুসরণ করবে, যা সংস্কারের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে কমিটমেন্ট দেবে।
রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং ন্যায়বিচারের দাবি পূরণ করতে হবে, এবং এরপরই নির্বাচন হবে।