দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন, এমন মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ (৭ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা উচিত।
তিনি আরও বলেন, বিগত সময়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব ও অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, ফলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না, তাই সংস্কার অপরিহার্য। তবে, প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতো পরিস্থিতি ফিরে আসবে।
এ সময় তিনি বাংলাদেশের বর্তমান সংবিধানকে সমস্যাজনক উল্লেখ করেন এবং বলেন, জাতীয় নির্বাচন যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয়, তবে রাজনীতিতে গুণগত পরিবর্তন সম্ভব হবে।
ইফতার অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন, পাশাপাশি ভারত, পাকিস্তান, চীনসহ বেশ কিছু দেশের কূটনীতিকও এতে অংশ নেন।