বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃবৃন্দ মন্তব্য করেছেন যে, হিজবুত তাহরীর আবারও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে তাদের ফিরিয়ে আনতে চায়। তারা এ সময় হিজবুত তাহরীরের মিছিলে অংশ নেওয়া সকলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানান।
আজ (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন সংগঠনের নেতারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান, ঢাবি আহ্বায়ক আব্দুল কাদের, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসি চৌধুরী, ঢাবি মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন ও ঢাবি মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তাহমিদ আল মুদ্দাসসি চৌধুরী বলেন, "আমরা সহস্র শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, জঙ্গিবাদের আস্তানা বানাতে নয়। আজ পুলিশ মিছিল করার সুযোগ দিয়েছে, যা বাংলাদেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের একটি অংশ।"
আব্দুল কাদের বলেন, "বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। ৫ আগস্টের পর হাসিনা একটি মতবাদ ছড়াতে চাইছেন যে, বাংলাদেশ জঙ্গিবাদের আস্তানা। তার এই মতবাদ বাস্তবায়নের জন্য একটি গোষ্ঠী কাজ করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি তাদের মদদদাতাদেরও গ্রেপ্তার করতে হবে।"
কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, "আজ বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিল বের হয়েছে, যার প্রচারণা অনেক আগে থেকেই চলছিল, তবে তাতে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। হিজবুত তাহরীরের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তারা আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়।"