× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বিএনপি

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২৫, ১৩:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

তিন দিনের বিরতির পর আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ (২০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৈঠকের শুরুতে সালাহউদ্দিন আহমদ বলেন, গতবার কমিশনের সঙ্গে আলোচনা শেষে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে বিশ্লেষণ করেছি। আজকের বৈঠকের পর আরও বিস্তারিতভাবে মতামত জানানো সম্ভব হবে।

বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন—চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং দলের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে, বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপি সর্বশেষ এই কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিল।

এর আগে, পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে প্রথম বৈঠক করে কমিশন। এরপর ২০ মার্চ থেকে সংসদ ভবনের এলডি হলে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশন ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে।

কমিশনের পক্ষ থেকে প্রথম পর্যায়ে পাঁচটি কমিশনের সুপারিশ পাঠানো হয়—সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার। এসব সুপারিশের ওপর রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত চাওয়া হয়।

কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৪টি দল তাদের মতামত জমা দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.