নতুন
রাজনৈতিক দল জাতীয় নাগরিক
পার্টি (এনসিপি) আজ (২০ এপ্রিল) নির্বাচন
কমিশনের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে নির্বাচন কমিশনের গঠন ও নির্বাচন সংশ্লিষ্ট
আইন-কানুন সংস্কারের দাবি নিয়ে কমিশনের আগারগাঁওস্থ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত
হয়।
বেলা
১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন-এর দপ্তরে এ
বৈঠক শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন সিইসিসহ চার কমিশনার ও ইসি সচিব।
এনসিপির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়,
যার নেতৃত্ব দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী। প্রতিনিধি দলে আরও ছিলেন—যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।
নতুন
রাজনৈতিক দল নিবন্ধনের জন্য
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমা ২০ এপ্রিল (আজ)
শেষ হচ্ছে। গত ১০ মার্চ
নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি
জারি করে। এনসিপি ইতোমধ্যে একটি চিঠির মাধ্যমে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর
অনুরোধ জানিয়েছে।
ইসি
জানিয়েছে, সময়সীমা শেষ হওয়ার পর সার্বিক বিষয়
পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে
নির্বাচন কমিশনের কাছে দেওয়া লিখিত চিঠিতে এনসিপি জানিয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। এমন অবস্থায় হঠাৎ করে নিবন্ধন প্রক্রিয়া শুরুর ঘোষণা রাজনৈতিক ও সামাজিক মহলে
প্রশ্নের জন্ম দিয়েছে।
চিঠিতে
বলা হয়, ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা
এবং সংশ্লিষ্ট আইনগুলো অযৌক্তিক, অসাংবিধানিক ও স্বৈরশাসনের ছাপ
বহন করে, যা রাজনৈতিক বহুত্ববাদকে
বাধাগ্রস্ত করে এবং ক্ষমতা এককভাবে কুক্ষিগত করার পথ তৈরি করে।
এনসিপির
দাবি অনুযায়ী— জেলা পর্যায়ে ১০% এবং উপজেলা পর্যায়ে ৫% কার্যালয় স্থাপনের
শর্ত শিথিল করা দরকার। প্রতি পাঁচ বছর অন্তর নিবন্ধন নবায়নের বাধ্যবাধকতা রাখা উচিত। বিদ্যমান আইনের সংস্কার ছাড়া দল নিবন্ধনের কার্যক্রম
গ্রহণযোগ্য নয়।
তারা
আরও দাবি করে, ইসিকে মৌলিক সংস্কারের মাধ্যমে পুনর্গঠন, নতুন দলকে সুযোগ দেওয়া এবং পুরনো দলের নিবন্ধন হালনাগাদ করার প্রক্রিয়াও শুরু করা প্রয়োজন।
গত
২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশের মাধ্যমে
আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর এটি দলটির
নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।