× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ সম্পদের মামলা; বিএনপি নেতা আমানউল্লাহর ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল

ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানের কারাদণ্ডের রায় বাতিল করে তাদের খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আজ (৩০ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। আদালতে আমান ও তার স্ত্রীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার সাকিব মাহবুব।

রায়ের পর ব্যারিস্টার খোকন জানান, আপিল বিভাগের রায়ে প্রমাণ হয়েছে যে তারা নির্দোষ। তারা ন্যায়বিচার পেয়েছেন। এই রায়ের ফলে আমানউল্লাহ আমানের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত আমানউল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দেন। এরপর ওই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১৬ আগস্ট তাদের খালাস দেন।

পরে দুদক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে। ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে মামলাটি পুনঃশুনানির নির্দেশ দেন।

পুনঃশুনানির পর ২০২৩ সালের ৩০ মে হাইকোর্ট আমান উল্লাহ আমানের ১৩ বছরের এবং সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখে। সেই রায়ের বিরুদ্ধে একই বছরের ১২ সেপ্টেম্বর আপিল করেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.