বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজ (৬ মে) সকাল থেকেই বাসার চারপাশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সকালে সরেজমিনে ফিরোজার সামনের সড়কে দেখা যায়, পুরো এলাকা ঘিরে নিরাপত্তা চাদরে মোড়া হয়েছে। খালেদা জিয়ার বাসভবনের সামনের মূল সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র কিছু পথচারীকে হেঁটে চলাচলের সুযোগ দেওয়া হলেও, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করতে দিচ্ছে না—বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের।
এদিকে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ‘ফিরোজা’ বাসভবন সাজিয়ে তোলা হয়েছে নতুন রূপে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সামনের অংশে নানা রকমের ফুল গাছ লাগানো হয়েছে।
দলের নেত্রী দেশে ফিরছেন—এই আনন্দে সকাল থেকেই ফিরোজার আশপাশে জড়ো হতে শুরু করেছেন বিএনপির শতশত নেতাকর্মী। জাতীয় ও দলীয় পতাকা হাতে তারা ‘দেশনেত্রী ফিরছেন’—এই স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। নেতাকর্মীরা বলছেন, দেশনেত্রীর দেশে ফেরা বিএনপির জন্য নতুন প্রাণের সঞ্চার ঘটাবে।