× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াত-শিবিরকে কাজে লাগানো শেষে তাদের পাকিস্তানপন্থি বানানোর চেষ্টা চলছে- রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২৫, ১২:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাম্প্রতিক আন্দোলনে জামায়াত-শিবিরের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকলেও, এখন তাদের ‘পাকিস্তানপন্থি’ বলে চিহ্নিত করার চেষ্টা চলছে—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

আজ (১২ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যমুনা ও শাহবাগের ঘেরাও কর্মসূচিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিলেন। কিন্তু এখন তাদেরকে কাজে লাগিয়ে ফেলে পাকিস্তানপন্থি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনায় তারা কোনো শিক্ষা নেবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

রাশেদ খাঁনের দাবি, আন্দোলনের ময়দানে জামায়াত-শিবিরের পাশাপাশি ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) এবং অন্যান্য ইসলামিক দলের নেতাদের একত্রে অবস্থান করতে দেখা গেছে। তিনি বলেন, আমার ধারণা, যমুনা ও শাহবাগের কর্মসূচিতে ৬০ শতাংশের বেশি অংশগ্রহণ ছিল বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও মাদরাসা শিক্ষার্থীদের। তাদের সরব উপস্থিতি ছাড়া আন্দোলন জমতো না।

তিনি অভিযোগ করেন, আন্দোলনের আংশিক সাফল্যের পর এনসিপির নেতারা নিজেদের জামায়াত-শিবির সংশ্লিষ্টতা থেকে মুক্ত প্রমাণ করতে চাচ্ছেন। এনসিপির বর্তমান কমিটিতে এখনও শিবিরের অনেক নেতা রয়েছেন, দাবি করেন রাশেদ। যারা এখন জামায়াত-শিবিরের বিরুদ্ধে কথা বলছেন, তাদের অনেকেই একসময় ওই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

রাজনৈতিক টিকে থাকার জন্য এনসিপির নেতাদের ‘প্রগতিশীল রূপ’ ধারণ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

শাহবাগের আন্দোলনকে জামায়াতের প্রতিশোধ বলে যারা দেখছেন, তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে রাশেদ খাঁন বলেন, আমি তা মনে করি না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা জনগণের পক্ষ থেকেই এসেছে।  তবে তিনি প্রশ্ন তোলেন, যমুনার আন্দোলন কেন হঠাৎ করে শাহবাগে স্থানান্তর হলো?

পোস্টের শেষাংশে তিনি বলেন, জামায়াত-শিবিরকে এবার কাজে লাগিয়ে ফেলা হয়েছে। এখন তাদের পাকিস্তানপন্থি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। যদি তারা এ থেকে শিক্ষা নেয়, তাহলে ভবিষ্যতে আর কাউকে বিনা শর্তে জনশক্তি সরবরাহ করবে না। তবে যদি তারা ভাবেন, বারবার ক্ষমা পেয়ে যাবেন, তাহলে ভবিষ্যতেও আহ্বান পেলে ঝাঁপিয়ে পড়বে।

তবে জামায়াত-শিবিরের রাজনৈতিক কৌশল সম্পর্কে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, অন্যের ডাকে জনশক্তি সরবরাহ করাই যদি তাদের রাজনীতি হয়, তাহলে এ বিষয়ে আমার কিছু বলার নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.