× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যারা জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধকে হেয় করছেন, সময় থাকতে সঠিক পথে ফিরে আসুন- নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট

১৩ মে ২০২৫, ১৪:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় সংগীত এবং একাত্তরের চেতনা অবমাননাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় সংগীতকে অবমাননা ও মুক্তিযুদ্ধকে উপেক্ষাকারীদের রাজনীতি এক সময় বুমেরাং হয়ে ফিরে আসবে। এনসিপি এই দুই বিষয়ে কোনো ছাড় দেবে না। যারা এখনও বিভিন্নভাবে এই মৌলিক বিষয়গুলো হেয় করছেন, তাদের উচিত এখনই সঠিক পথে ফিরে আসা।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী শুক্রবার (১৬ মে) গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ের সামনে এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’-র আত্মপ্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠানের মাধ্যমে ‘যুবশক্তি’ আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, এই সংগঠনটি কোনো প্রথাগত যুব সংগঠন নয়। এটি হবে চাঁদাবাজি, দখল ও রাহাজানি মুক্ত একটি যুব প্ল্যাটফর্ম, যেখানে যুবসমাজের সম্ভাবনা ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, যুবশক্তি সারা দেশের যুব সমাজকে সংগঠিত করে বাস্তবসম্মত ও কল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে কাজ করবে। আমরা বড় দলগুলোর মতো নেতাকর্মীদের অসৎ কাজে জড়াতে চাই না। বরং তরুণদের নেতৃত্ব বিকাশে সহায়ক হতে চাই।

ছাত্র সংগঠন গঠনের পরিকল্পনা প্রসঙ্গে নাসীর বলেন, এনসিপির যুব, শ্রমিক ও নারী উইং ইতোমধ্যেই সক্রিয় রয়েছে। ছাত্রদের জন্য আলাদা সংগঠন করার বিষয়ে তিনি জানান, ছাত্ররা স্বাধীনভাবে সংগঠন করতে পারবে—তবে কোনো দলীয় লেজুড়বৃত্তি থাকবে না। যদি কেউ আমাদের আদর্শের সঙ্গে মিল রেখে কাজ করতে চায়, তাহলে আমরা অবশ্যই তাদের স্বাগত জানাবো, যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং এসএম শাহরিয়ারসহ দলের অন্যান্য নেতারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.