× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাম্য হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ করছে ছাত্রদল

ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২৫, ১৪:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুর প্রতিবাদে আজ (১৫ মে) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পাশাপাশি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, নিউমার্কেট থানা ছাত্রদল এবং মহানগর ছাত্রদলসহ বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, কারণ বিক্ষোভে বহিরাগতদের উপস্থিতি স্পষ্টভাবে চোখে পড়েছে।

বিক্ষোভ চলাকালে ছাত্রদল উপাচার্যের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়: "এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়", "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে"। সরকারি বাংলা কলেজের ছাত্রদল নেতারা আরও উত্তেজনাপূর্ণ স্লোগান দেন: "খুনি ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে"।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া দেখা গেছে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামের একটি ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে সমাবেশ করে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে লিখেছেন, "যে বহিরাগতদের হাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারালেন, সেই বহিরাগতকেই আবার এই প্রাঙ্গণে নিয়ে আসা হলো কেন? আপনারা বুঝতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্নিহিত স্পন্দন—এই ক্যাম্পাসের হৃদয়ের স্ফুলিঙ্গকে ধরতে আপনাদের ব্যর্থতা পরিষ্কার।”

আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,“যে বহিরাগতদের কারণে সাম্য ভাই খুন হলো, সেই বহিরাগতদের ক্যাম্পাসে এনে ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদ করছে—বাহ!”

উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য নিহত হন মঙ্গলবার (১৪ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতের ঘটনায়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.