× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর কোনও ব্যক্তি যাতে গুমের শিকার না হয়- তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২৫, ২০:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা আর যাতে না ঘটে, সে জন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ মে) গুম হওয়া ব্যক্তিদের স্মরণে ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন বিএনপির শীর্ষ নেতা।

তারেক রহমান বলেন, “প্রতি বছরের মতো এ বছরও মে মাসের শেষ সপ্তাহে গুম সপ্তাহ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এটি একটি আন্তর্জাতিক উদ্যোগ। ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত আমাদের হিসাবে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত ৬৬৬ জন গুম হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।”

তিনি বলেন, “গুম হওয়া অনেকের আজও খোঁজ মেলেনি, অনেকের মৃতদেহ পাওয়া গেছে, আর কেউ কেউ দীর্ঘ সময় পর গ্রেপ্তার হিসেবে হাজির হয়েছেন। এটি আওয়ামী লীগ শাসনামলের এক নিষ্ঠুর দুঃশাসনের প্রমাণ। বহু পরিবার এখনও আতঙ্কিত, অনেকে ভয়ে গুমের রিপোর্টও করতে পারেনি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, গুমের শিকারদের অধিকাংশই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক। তবে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং বুদ্ধিজীবীরাও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী, গুম একটি মানবাধিকারবিরোধী অপরাধ। তাই মানবাধিকার রক্ষায় গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে।”

বাণীর শেষাংশে তারেক রহমান বলেন, “গুম হওয়া মানুষদের স্মরণে পালিত আন্তর্জাতিক এই সপ্তাহে আমি তাদের অসহায় পরিবারের প্রতি গভীর সংহতি জানাচ্ছি। রাজনৈতিক মতাদর্শ বা ভৌগোলিক সীমার বাইরে গিয়েও, বাংলাদেশসহ সারা বিশ্বের গুমের শিকার সব পরিবার ও ব্যক্তির প্রতি আমাদের সহমর্মিতা প্রকাশ করছি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.