× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকা চৌধুরী কিংবা সাঈদী এভাবেই ফিরতে পারতেন- সারজিস

ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২৫, ২০:০৩ পিএম । আপডেটঃ ২৭ মে ২০২৫, ২০:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলার হাত থেকে অবশেষে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, "আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে মিথ্যা মামলায় জীবন হারানো কিছু মানুষ আজ আমার মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আজ আমাদের মাঝে ফিরে আসতে পারতেন—যেভাবে আজহার ভাই ফিরে এলেন। ফিরে আসতে পারতেন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার শিকার হাজারো নাম না জানা ভাই-বোনও।"

তিনি আরও লেখেন, "কিন্তু তাদের সেই সুযোগ আর নেই। আমরা যাদের সেই সুযোগ আছে, এই মা-মাটি-দেশের জন্য কিছু করার, তারা যেন এই সুযোগ ও দায়িত্বের প্রতি খেয়ানতি না করি।"

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে সম্প্রতি খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট ঢাকার মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। সেই রায়ের বিরুদ্ধে তিনি ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন।

২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে এবং ২০২০ সালের ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরবর্তীতে ওই বছরের ১৯ জুলাই আজহারুল ইসলাম রিভিউ আবেদন করেন। সেই রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ মামলাটি পুনরায় শুনানির নির্দেশ দেয়। উল্লেখযোগ্যভাবে, এটিই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা যা রিভিউ পর্যায়ে এসে পুনরায় আপিল শুনানির সুযোগ পায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.