ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের প্রেক্ষিতে আগামী ২ মে (শনিবার) তার মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি (পিতা: মোহাঃ আব্দুল হালিম, গ্রাম: বাগোয়ান, দৌলতপুর, কুষ্টিয়া) সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থী হওয়ার আবেদন করেছিলেন। পরবর্তীতে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন (নম্বর: ৫০২২ অফ ২০২৬)-এর গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনা দেয়া হয়।
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে নির্বাচন কমিশন নতুন সময়সূচি নির্ধারণ করেছে। আগামী ২ মে (শনিবার) সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে (কক্ষ নম্বর-৫০৪) এই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। বাছাইকালে প্রার্থীসহ তার প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এই আদেশটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।