× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর

ডেক্স রিপোর্ট

১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিক ও কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ক্লিনিক ও দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া হামলাকারীরা গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও ভাঙচুর চালান।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া এলাকায় সংসদ সদস্য কে এম বাবরের ক্লিনিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্লিনিকটির সামনে জড়ো হন। পরে তারা ক্লিনিকে ভাঙচুর চালান এবং আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেন।

এর আগে বিকেলে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও ভাঙচুর চালানো হয়।

এসব ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কসহ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। কাশিয়ানীতে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধও করা হয়। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ম্যানেজার মিলন শেখ বলেন, বুধবার দুপুর থেকেই তারা নিজেদের সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ রেখেছেন। সার্বিক পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রী ও বাসের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিজের নিরাপত্তার পাশাপাশি জেলা পরিষদ ও এর ডাকবাংলোর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছিলেন। তবে প্রশাসন জানিয়েছে, এই মুহূর্তে আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করা হবে না।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। বাস চলাচল বন্ধ রাখা এবং উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.