রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের একাংশ এবং পাশের বেশ কয়েকটি টিনের তৈরি ছোট বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি।