২০২৫ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে করাচি স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ। এই সংস্কারকাজের জন্য বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে।
১৯৯৬ সালের পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পাকিস্তানে ফিরছে আইসিসির কোনো টুর্নামেন্ট। এ কারণে প্রস্তুত হচ্ছে করাচি স্টেডিয়াম। ৩০ আগস্ট থেকে এই ভেন্যুতেই হওয়ার কথা ছিল দুই দলের মধ্যেকার সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজক হচ্ছে রাওয়ালপিন্ডি। ২১ আগস্ট থেকে সিরিজের প্রথম টেস্টও হবে এই একই মাঠে।
পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করাচি থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সরিয়ে রাওয়ালপিন্ডিতে নিয়ে আসা হয়েছে। এর আগে গত ১৪ আগস্ট বলা হয়েছিল, করাচি স্টেডিয়ামে উন্নয়নকাজ চলায় ৩০ আগস্ট শুরু ম্যাচে দর্শকের প্রবেশাধিকার থাকবে না।
করাচি থেকে টেস্ট ম্যাচ সরিয়ে ফেলার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলাকালীন যখন নির্মাণকাজ চলবে, সেই শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচটি হবে ২১-২৫ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় টেস্ট হবে করাচিতে, ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্টে সুযোগ না থাকলেও, প্রথম ম্যাচে দর্শকদের উপস্থিতিতে খেলবেন দুই দেশের ক্রিকেটাররা।