ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো ফরম্যাটেই জয়ের রেকর্ড ছিল না। এবার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে ইতিহাস গড়েছে টাইগ্রেসরা। যদিও প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় নিগার সুলতানা জ্যোতির দল। ২০২৭ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ উন্মুক্ত করে দিয়েছে নিগারদের সেই ইতিহাস গড়া ম্যাচ। এক্ষেত্রে আরও একটি ম্যাচের দূরত্বে টাইগ্রেসরা, সেই লক্ষ্যেই আজ (২৪ জানুয়ারি) মাঠে নামছে তারা।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দিবাগত রাত ১২টায় মাঠে লড়বে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল। এই ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই পরবর্তী নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাঘিনীর। যদি ম্যাচের ফল নাও আসে, তবুও বাংলাদেশই লাভবান হবে। তবে জ্যোতি-পিংকিদের সামনে হার মানার সুযোগ নেই। ছয় নম্বর দল হিসেবে হার ব্যতীত যেকোনো ফলাফলই তাদের কাঙ্ক্ষিত বিশ্বকাপে তুলে দেবে।
বর্তমানে ওয়ানডে ওমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে বাংলাদেশের। অবশ্য তাদের সমান ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে টেবিলের শীর্ষ পাঁচটি দল; আর ২০২৭ আসরটিতে আয়োজক হিসেবে সরাসরি খেলবে ভারত। এমন সমীকরণ মাথায় নিয়েই আজ ওমেন্স চ্যাম্পিয়নশিপ চক্রের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ক্যারিবীয় মেয়েরা।

ছবিঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিগারের বিজয় উল্লাস
এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কিউই মেয়েদের পয়েন্ট টেবিলে টপকে যাওয়া। তবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নেই ক্যারিবীয়দের সামনে। কারণ তারা ১৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে। প্রথম ছয় দলের বাইরে তালিকায় থাকা বাকি ৪ দলকে খেলতে হবে বিশ্বকাপ বাছাইপর্ব। সহযোগী দেশের প্রাক-বাছাইপর্ব থেকে তাদের সঙ্গে যোগ দেবে আরও দুটি দল। এরপর ছয় দলের বাছাইপর্ব থেকে দুটি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। বাংলাদেশ না জিতলে তাদেরকেও খেলতে হবে বাছাইপর্ব।
আয়োজক দেশ হিসেবে ভারত তো থাকছেই, এর বাইরে নারী বিশ্বকাপের টিকিট কেটেছে সর্বোচ্চ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কান মেয়েরা। বাকি কেবল একটি স্লট। সেই জায়গা পূরণে লড়াইয়ে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অজিরা। এ ছাড়া ভারত ৩৭, ইংল্যান্ড ৩২, দক্ষিণ আফ্রিকা ২৫ ও শ্রীলঙ্কা ২২ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে।
প্রসঙ্গত, প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা এনেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। আগের ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৮৪ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। লক্ষ্য তাড়ায় নাহিদা আক্তারদের ঘূর্ণিতে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এই প্রতিপক্ষের সঙ্গে ৬০ রানে বাংলাদেশ প্রথম জয় নিশ্চিত করে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
