ছবিঃ সংগৃহীত।
আজ (২৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়ে রংপুর রাইডার্সকে ছুঁয়ে ফেলল ফরচুন বরিশাল। এই হারে খুলনা টাইগার্সের প্লে অফে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
টসে জিতে আগে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল।

ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এদিন তিন ছক্কা এবং এক বাউন্ডারিতে ১৮ বলে তোলেন ২৯ রান।
এক বছরেরও বেশি সময় ইনজুরির কারণে ক্রিকেট থেকে দুরে থাকা ইবাদত হোসেন এদিন বিপিএল ২০২৫ আসরে প্রথম মাঠে নামেন। মেহেদি মিরাজকে ক্লিন বোল্ড করে বহুদিন পর দেখা মিলল তাঁর চিরচেনা স্যালুটের।


মেহেদির বিদায়ের পর মোহাম্মদ নাঈম শেখ এবং অ্যালেক্স রস মিলে গড়েন ৫২ রানের জুটি।
নাঈম এবারের বিপিএলে তাঁর তৃতীয় অর্ধশতক তুলে নেন। ২৭ বলে ৫১ রানের ইনিংসে ছিল ৫টি চার এবং ২ ছক্কা। ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম।

অ্যালেক্স রস ২০ রান করে বিদায় নিলে আফিফ হোসেন এবং উইলিয়াম বসিস্টো চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৩৩ রান।

উইলিয়াম বসিস্টো ২০ রান করে অপরাজিত থাকেন।

আফিফ হোসেন ২৭ বলে ২ চার এবং ২ ছক্কায়্ ৩২ রান করে কাকতালীয়ভাবে নাঈমের মত ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন।
শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ১২ বলে ২ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ২৭ রান যোগ করলে ১৮৭ রানের চ্যালেন্জিং পুঁজি পায়।

১৮৮ রানের লক্ষ তাড়া করতে নেমে দলীয় ১১ রানে ১১ রান করে আবু হায়দার রনির বলে এলবিডব্লিউর শিকার হন।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান তোলেন তামিম ইকবাল এবং ডেভিড মালান।

তামিম ইকবাল তাঁর স্বভাবগত ব্যাটিংয়ে ধীরে সুস্থে ২৫ বলে ২৭ রান তুলে সেট হয়ে হাত চালিয়ে খেলার আগেই সালমান ইরশাদের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন্।


এরপর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে এসেই বিশাল ছক্কা হাঁকাতে থাকেন। এতে করে বরিশালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

ম্যাচের ১৭তম ওভারে এসে খেলার মোড় ঘুড়ে যায় খুলনা টাইগার্সের দিকে। সালমান ইরশাদ বোলিং করতে এসে ২ বল করে চোটের কারণে ওভার শেষ করতে পারেননি।

এই দুই বলের মধ্যেই সাবস্টিটিউট মাহমুদুল হাসান জয়ের সরাসরি থ্রোতে রান আউট হন মাহমুদুল্লাহ। বাকি চার বল করতে এসেই মুশফিককে ফেরান আবু হায়দার রনি।

মাহমুদুল্লাহ এবং মুশফিক দুজনই ২৪ রান করে আউট হয়ে গেলে বিপাকে পড়ে ফরচুন বরিশাল।
ক্রিজে আসেন দুই নির্ভরযোগ্য অলরাউন্ডার ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নবী। নবী একটি সিঙ্গেল নিয়ে ফাহিম আশরাফ স্ট্রাইক পেয়েই দুই বলে ১ চার এবং ১ ছক্কায় ১০ রান যোগ করেন।
১৮ তম ওভারে হাসান মাহমুদ চেপে ধরার চেষ্টা করলেও দুটি ওয়াইড এবং শেষ বলে মোহাম্মদ নবীর ছক্কা হজম করে ১২ রান দিয়ে বরিশালের জয়ের পথ সুগম করে দেন। ১৯তম ওভারের প্রথম বলে আবারও ফাহিম আশরাফের ছক্কা। বাকি পথটা এই দুই ব্যাটার সিঙ্গেল এবং ডাবল নিয়ে ধীরে সুস্থে ৫ বল হাতে রেখেই ফরচুন বরশালের জয় নিশ্চিত করেন।
৩৭ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার উঠেছে ডেভিড মালানের হাতে।

এই জয়ে টানা ৫ জয় নিয়ে রংপুর রাইডার্সকে ছুঁয়ে ফেলল ফরচুন বরিশাল। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় এখনো পয়েন্ট টেবিলের দুইয়েই থাকতে হচ্ছে বরিশালকে।
এই হারে মিরাজ বাহিনী পড়েছে মহা বিপদে। প্লে অফে খেলতে হলে তাদের শেষ দুই ম্যাচ জিতেও দুর্বার রাজশাহীর হারের অপেক্ষায় থাকতে হবে।

বিষয় : বিপিএল
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
