× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস আরাফাত সানি

স্পোর্টস ডেস্ক।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। তবে পরীক্ষায় তিনি উতরে গেছেন।

বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলা আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে গত ১ ফেব্রুয়ারি সন্দেহ প্রকাশ করা হয়। সেদিন বরিশাল ও চিটাগংয়ের ম্যাচে সানি ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ম্যাচ শেষে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন।

তবে সন্দেহ থাকলেও বিপিএলের ফাইনাল ম্যাচ পর্যন্ত তিনি চিটাগং কিংসের হয়ে খেলেছেন। তার বোলিংয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা কেটে গেছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন আরাফাত সানি। পরীক্ষায় তিনি পাস করেছেন। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সানির বলে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। ফলে তার বল করতে কোনো বাধা নেই। তবে ভবিষ্যতে আবারও যদি তার বোলিং নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে তাকে দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে।

আরাফাত সানি এর আগেও ২০১৫ সালে বোলিং অ্যাকশনে সন্দেহ ওঠার পর পরীক্ষায় পাস করে বৈধতা পেয়েছিলেন। এবারের বিপিএলে ১১ ম্যাচে ৮.১৭ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেছেন তিনি।

শুধু সানি নন, সদ্য সমাপ্ত বিপিএলে চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল। ১৯ জানুয়ারি চিটাগং কিংস ও বরিশালের ম্যাচেই আম্পায়ারদের সন্দেহ জাগে আলিসের বোলিং নিয়ে। পরে ২৫ জানুয়ারি মিরপুরে নিজের অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। সেখানে তিনি বৈধতা পেয়েছিলেন এবং মাঠে ফিরেছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.