সাম্প্রতিক
সময়ে আফগানিস্তান ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স
দেখিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন পরাশক্তি
হিসেবে আশার আলো হয়ে উঠেছে। ব্যাট ও বোলিংয়ে নিজেদের
দক্ষতা প্রমাণ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের
সেমিফাইনালে পৌঁছেছে তারা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সম্ভাবনা দেখালেও, অল্পের জন্য শেষ চারে যেতে পারেনি আফগানরা। এখন তাদের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি।
এদিকে,
আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সাবেক ক্রিকেটাররাও। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ মনে করেন, এবারের চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালে খেলবে আফগানিস্তান। তিনি সেমিফাইনালের জন্য চারটি দল বেছে নিয়েছেন,
যার মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।
সরফরাজ
বলেন, "আমাকে যদি সেমিফাইনালের জন্য চারটি দল বেছে নিতে
হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকেই নির্বাচন করব। তবে আমি বাকিদেরও অবমূল্যায়ন করছি না।"
এছাড়া,
সরফরাজের মতে, পাকিস্তানের জন্য ঘরের মাঠে খেলা হওয়ায় কিছুটা বাড়তি চাপ থাকবে। তবে তিনি মনে করেন, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের জন্য এটি একটি বড় সুবিধা। পাকিস্তান
তাদের নিজস্ব মাঠ সম্পর্কে ভালোভাবে জানে, যা শিরোপা জয়ের
পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সঙ্গে তুলনা করলে, সরফরাজের মতে বর্তমান পাকিস্তান দল আরও শক্তিশালী।
আইসিসি
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। উদ্বোধনী
ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। এরপর ২৩ ফেব্রুয়ারি, চিরপ্রতিদ্বন্দ্বী
ভারতের বিপক্ষে খেলবে বাবর আজম ও ফখর জামানরা।