× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা আলোচনা করব এবং আবারও ঘুরে দাঁড়াব- লিটন দাস

স্পোর্টস ডেস্ক।

২০ মে ২০২৫, ১৩:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

“ক্রিকেটে ভালো ও খারাপ দিন থাকবে। আমরা বিষয়টি নিয়ে বসে আলোচনা করব এবং আবার ঘুরে দাঁড়াব।”—ম্যাচ শেষে এমনটাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের হার যেন পুরো দলের মনোবল ভেঙে না ফেলে, সেটাই বোঝাতে চাইলেন তিনি।

বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিমের বিধ্বংসী ৮২ রানের ইনিংসে জয়ের পথ সহজ হয়ে যায় আমিরাতের। শেষদিকে হায়দার আলির ৬ বলে কার্যকরী ১৫ রানে ভর করে সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিক দল। এমন হারের পর স্বাভাবিকভাবেই মন খারাপ টাইগার শিবিরে।

তবুও ইতিবাচক থাকছেন লিটন। তিনি বলেন, “যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবে আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ে আমরা কিছু ভুল করেছি।”

ছোট মাঠ আর শিশিরের প্রভাবকে বিশেষভাবে বিবেচনায় নেওয়ার কথা তুলে ধরেন তিনি। লিটন বলেন, “বুঝতে হবে, এমন ছোট মাঠে শিশির অনেক বড় ফ্যাক্টর হতে পারে। বোলিংয়ের সময় তাই আরও হিসেবি হতে হবে। প্রতিটি ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা দরকার।”

তরুণ পেসার নাহিদ রানার পারফরম্যান্সেও খানিকটা হতাশা প্রকাশ করেন অধিনায়ক। বলেন, “নাহিদের মাঝে প্রতিশ্রুতি আছে, তবে সে আগেও ভালো করেছে। তাই আমাদের প্রত্যাশাও বেশি ছিল। দিনটা খারাপ গেছে, কিন্তু আমরা বসে আলোচনায় যাব।”

প্রসঙ্গত, শুরুতে বাংলাদেশ ও আমিরাতের সিরিজটি দুই ম্যাচের হলেও, দুই বোর্ডের আলোচনায় এতে যোগ হয়েছে আরও একটি ম্যাচ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল, ২১ মে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.