× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক।

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০২ পিএম

ছবি: সংগৃহীত।

লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক দিনের দুশ্চিন্তার মেঘ অবশেষে কাটতে শুরু করেছে। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়া এই আর্জেন্টাইন মহাতারকা আবারও অনুশীলনে ফিরেছেন, যা তাঁর অগণিত ভক্ত ও সমর্থকদের জন্য এক বড় স্বস্তির খবর হয়ে এসেছে।

গত সপ্তাহে ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির মুখোমুখি হয়েছিলেন মেসি। সেই ম্যাচেই বাম উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এমএলএসের নতুন মৌসুমের শুরুতে তাঁকে পাওয়া যাবে না। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠে ফিরেছেন বর্তমান বিশ্বসেরা এই ফুটবলার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। অনুশীলনে তাঁকে বেশ চনমনে ও ফিট দেখা গেছে।

এর আগে চিকিৎসকেরা ধারণা করেছিলেন, মাঠে ফিরতে তাঁর অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। কিন্তু দ্রুত সেরে উঠে মেসি আবারও তাঁর ফিটনেসের প্রমাণ দিয়েছেন।

সামনে ২০২৬ বিশ্বকাপ এবং এমএলএসের ব্যস্ত সূচি-সব মিলিয়ে মেসির এই চোট ক্লাব ও আর্জেন্টিনা জাতীয় দল, উভয় পক্ষকেই ভাবিয়ে তুলেছিল। বিশেষ করে ইন্টার মায়ামির কোচিং স্টাফরা তাঁর চোট নিয়ে বেশ সতর্ক ছিলেন।

আগামী ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ইন্টার মায়ামির মৌসুমের প্রথম ম্যাচ। কোচ হাভিয়ের মাসচেরানোর নেতৃত্বাধীন কোচিং প্যানেল এখনই নিশ্চিত করে বলছে না যে মেসি এই ম্যাচে শুরু থেকেই খেলবেন কি না। ম্যাচ শুরুর আগে চূড়ান্ত ফিটনেস পরীক্ষা শেষে তাঁর মাঠে নামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফুটবলার হিসেবে মেসির এই দ্রুত প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে ইতিবাচক বার্তা দিচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.