× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক।

০২ মার্চ ২০২৬, ১৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তজনা ও আকাশপথের অস্থিরতায় সৌদি আরবে আটকে পড়া জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অবশেষে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন। আজ রোববার (১ মার্চ) রাতে একটি ফ্লাইটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই অভিমুখী আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় মাঝ আকাশ থেকেই তাঁদের বহনকারী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। এর ফলে হাজার হাজার যাত্রীর সঙ্গে বিমানবন্দরে আটকা পড়েন এই টাইগার ব্যাটার।

বিপাকে পড়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিক লিখেছিলেন, ‘সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। আমি এখন বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। আল্লাহই ভালো জানেন কবে এবং কীভাবে ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া চাইছি।’

মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা আজ সাংবাদিকদের জানান, দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাঁদের হোটেলে নিয়ে গিয়েছিল। এমিরেটস এয়ারলাইন্সের দুবাই রুটটি বর্তমানে জটিল হয়ে পড়ায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুশফিকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন এবং তাঁর জন্য বাংলাদেশ বিমানের একটি টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আজ রাত ১০টা ৩৫ মিনিটে মুশফিক বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইটে আরোহণ করবেন। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে মাহবুব হামিদ বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে যুদ্ধাবস্থায় আটকে পড়া অন্যান্য প্রবাসী বাংলাদেশিরাও যেন দ্রুত ও নিরাপদে ফিরতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.