× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুখবর পেলেন মিশরের কোচ হোসাম হাসান, চুক্তি নবায়ন করছে ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক।

০৯ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

মিশরকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে (নকআউট পর্ব) তোলার পুরস্কার পাচ্ছেন দেশটির প্রধান কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিলেও, এই কোচের ওপরই আস্থা রাখছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে হোসাম হাসানের সঙ্গে চুক্তি নবায়ন করার ঘোষণা দিয়েছে।

মিশরীয় ফুটবল এসোসিয়েশন (EFA) জানিয়েছে, শুধু প্রধান কোচ হোসাম হাসানই নন, দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তিও নবায়নের অনুমোদন দিয়েছে তাদের পরিচালনা পর্ষদ।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত পৌঁছে ইতিহাসে নিজেদের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করেছে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নিলেও কোনোবারই গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি উত্তর আফ্রিকার এই দেশটি। ঐতিহাসিক এই মিশন শেষে মিশর দল আজ বৃহস্পতিবার কায়রোতে পৌঁছাবে। নতুন চুক্তির মেয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি করা হচ্ছে।

এদিকে, বিশ্বকাপ থেকে বিদায়ের ম্যাচে রেফারিং নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল ফেডারেশন। ফরাসি রেফারি এবং তাঁর সহকারীদের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে তারা।

ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা এক বিবৃতিতে জানান, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মিশর ২-০ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায়। ম্যাচ চলাকালীন মিশরের একটি বৈধ গোল বাতিল করা হয় এবং আর্জেন্টিনার তৃতীয় গোলের ঠিক আগে মিশরের পক্ষে একটি পেনাল্টি দেওয়া হয়নি।

হানি আবু রিদা আরও বলেন, "সাম্প্রতিক সময়ে মিশরীয় ফুটবলের ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় দলের দীর্ঘমেয়াদি প্রকল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কোচিং স্টাফদের রেখে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" জাতীয় দল দেশে ফেরার পর পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় চুক্তি নবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.