× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক।

১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এরই মধ্যে বাবাকে হারানোর শোকেও ভেঙে পড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে স্মরণ করে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৯ বছর বয়সী মেসি লিখেছেন, তোমাকে ছাড়া আমি কী করব, কীভাবে এগিয়ে যাব, আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি। আর এখন আর কতদিন তা চালিয়ে যাব, তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে।

বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের শারীরিক সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন মেসি। তিনি বলেন, এবার আমি নিজের শারীরিক সীমা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি কখনোই স্বস্তি অনুভব করিনি।

বাবা হোর্হে মেসির জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলেন বলেও জানান তিনি। মেসির ভাষায়, আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে যেতে পারো। আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জিততে এবং তোমাকে আরেকটি শিরোপা দেখাতে। কিন্তু পারিনি।

মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবাকে স্মরণ করে তিনি বলেন, তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন এজেন্ট। প্রতিটি মুহূর্তে তোমার যা হওয়া প্রয়োজন ছিল, তুমি ঠিক তাই ছিলে।

রোববার (৯ আগস্ট) রোজারিওর পাশের শহর পেরেজে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আর্জেন্টিনা দলের সতীর্থদের উপস্থিতিতে বাবাকে শেষ বিদায় জানান মেসি। এরপর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি।

বিশ্বকাপ চলাকালে হোর্হে মেসির অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। পরে পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের প্রতি মানবিকতা দেখানোর অনুরোধ জানানো হয়। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। তখনও জানিয়েছিলেন, মাঠের বাইরের একটি পরিস্থিতি নিয়ে তিনি মানসিকভাবে কঠিন সময় পার করছেন।

হোর্হে মেসির মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, তিনি ক্যানসারে ভুগছিলেন।

মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত। তবে বাবার মৃত্যুর পর তার সাম্প্রতিক মন্তব্যে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.